Sylhet Today 24 PRINT

মহিলা কলেজের হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুন, ২০১৬

সিলেট সরকারী মহিলা কলেজের হোস্টেলে ওই কলেজেরই এক ছাত্রী রহস্যজনকভাবে মারা গেছেন। রোববার ইফতারের পর নিজ কক্ষে সুবি বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান হোস্টেলের অন্যান্য ছাত্রীরা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ।

নিহত সুবি বেগম মহিলা কলেজের অর্থনীতি (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের বসর মিয়ার মেয়ে।

কলেজ সূত্রে জানা যায়, মহিলা কলেজের পুরাতন হোস্টেলের ২১০ নং কক্ষে থাকতেন সুবি।

এই হোস্টেলের সুপার জামালুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকেলেও সুবি হোস্টেলের অন্যান্য ছাত্রীদের সাথে গল্পগুজব করেছে। সন্ধ্যার পর তার দেখা না পেয়ে অন্য ছাত্রীরা তাকে খুঁজতে যায়। এসময় দরজা বন্ধ পেয়ে জানালার গ্লাস দিয়ে তারা সুবির ঝুলন্ত দেহ দেখতে পায়।

সাথেসাথেই ছাত্রীরা ঘটনাটি আমাদের জানালে আমরা পুলিশকে খবর দেই, বলেন জামালুর রহমান।

সুবি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করলেও আত্মহত্যার কারণ জানাতে পারেননি।

এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ রাত সাড়ে ন'টায় বলেন, ছাত্রী মৃত্যুর খবর পেয়ে পুলিশ মহিলা কলেজে গিয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.