Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুন, ২০১৬

হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই এবং কান্দিগাঁও দুইগ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শতাধিক লোকজন আহত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড টিয়ারসেল ও ১৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

সংঘর্ষে আহতদের মধ্যে নজির (২০), সুরুজ (৩৫), আয়াত (২২), মর্তুজ (৬০), শাহিন (২৮), বাছির (২৫), হেলাল (২৫), সিজিল (১৮), মতিন (৫০), আলফু (৩৫), হাফিজুল (৫০), সিরাজ (৩০), কামাল (২৫), কবির (৫০), বশির (৩০), শাহজাহান (২৫), গুলিবিদ্ধ ঠান্ডা মিয়া (৫০) ও আব্দুল গণি (৪৫)সহ অন্তত ৫০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতে হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকজন শ্রমিক কাজ শেষে কান্দিগাঁও গ্রামে তাদের বাড়ি ফিরছিলেন। শ্রমিকরা অলিপুর থেকে স্থানীয় বাছিরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে একটি ব্যাটারীচালিত অটোরিকশায় (টমটম) উঠেন। কিন্তু, সুরাবই গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক বাছিরগঞ্জ বাজারে না গিয়ে শ্রমিকদের সুরাবই বাজারে নামিয়ে দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হবিগঞ্জ রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ রাউন্ড টিয়ারসেল ও ১৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.