সিলেটটুডে ডেস্ক | ১৪ জুন, ২০১৬
জনসাধারণের সুবিধার্থে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র বহির্গমন শাখার অনাপত্তিপত্র সেবা ঢাকা থেকে সরিয়ে সিলেটে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে চালু করা হয়েছে। মঙ্গলবার ব্যুরো’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রবাসীকর্মীর পরিবার ও স্বজন, যেমন পিতা-মাতা, স্বামী-স্ত্রী, সন্তান, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ীসহ নিকটাত্মীয়দের প্রবাসীকর্মীর নিকট গমন ও সেখানে স্বল্প সময় অবস্থানের জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র বহির্গমন শাখা থেকে ‘জয়েনিং রিলেটিভ’ হিসেবে অনাপত্তিপত্র দেয়া হয়ে থাকে। প্রবাসীকর্মীর নিকটাত্মীয়দের বিদেশ গমন সহজতর করার লক্ষ্যে বিনা খরচে ও তাৎক্ষণিকভাবে এ সেবাটি প্রদান করা হচ্ছে।
আগে সেবাটি কেন্দ্রীয়ভাবে শুধু ঢাকায় অবস্থিত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র বহির্গমন শাখা হতে প্রদান করা হতো। ৭ জুন হতে সেবা প্রদান কার্যক্রমটি বিকেন্দ্রীকরণ করে সিলেটের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে চালু করা হয়েছে।
ব্যুরো’র পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এ সেবা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে প্রবাসীদের সংখ্যাধিক্য এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সুবিধার বিষয়টি বিবেচনা করা হয়েছে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে বিভাগীয় সদরসহ সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সময়, গমনাগমন ও অর্থের সাশ্রয় হবে।
একই ধরনের সেবা এখন থেকে চট্টগ্রাম থেকেও দেয়া হবে।