Sylhet Today 24 PRINT

সিলেটে ইফতারের আকর্ষন ‘বড় বাপের পোলায় খায়’

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুন, ২০১৬

রমজান উপলক্ষে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে তৈরী করে নানা স্বাদের হরেক রকমের বাহারি ইফতারির খাবার। ১০-১২ পদের ইফতার আইটেম প্রায় সকল দোকানেই থাকে। তাঁর বাইরে কিছু রেস্টুরেন্ট বিশেষ আইটেমেরও আয়োজন করে।

নগরীর প্রায় সকল রেস্টুরেন্টেই আখনী, খিচুরি, পিঁয়াজি, ছোলা, বেগুনী, আলুচপ, খেজুরজাতীয় ইফতার আইটেম রয়েছে। এগুলোই সবচেয়ে বেশি বিক্রি হয় বলে জানান বিক্রেতারা।

নগরীর জিন্দাবাজারে ফুড ফেয়ার, সিলেট স্ন্যাক্স এন্ড বিরিয়ানী হাউজ, রিয়েল টেস্ট এন্ড স্ন্যাক্স ও কাশফুল রেস্টুরেন্ট ঘোরে দেখা যায়, খাবারভেদে একেক দোকানের একেক ইফতারি আইটেমের চাহিদা। কোন দোকানে ভূনা খিচুরি বা কোন দোকানে আখনী আবার কোন দোকানে পিয়াজু-ছোলা ও বেগুনীর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা।

এবার পুরান ঢাকার বিখ্যাত ইফতারি 'বড় বাপের পোলায় খায়' পাওয়া যাচ্ছে সিলেটের পালকি রেস্টুরেন্টে। বিশেষ এই আইটেম প্রতিটি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকায়। আলোচিত এই আইটেম প্রতিদিনের ২-৩ টি বিক্রি হয় বলে জানান বিক্রেতারা। অনেকে আবার অর্ডার করেও থাকেন এই বিশেষ খাবারটি।

পালকির ম্যানেজার তাজির উদ্দিন জানান, পালকির বিশেষ আইটেমগুলোর মধ্যে হল দই বড়া, আস্ত মুরগীর রোস্ট, দই বুন্দিয়া, ফিরনি নান, নার্গিস কাবাব, কাটি কাবাব ও শাহী মিষ্টি জর্দ্দা অন্যতম। এর মধ্যে আস্ত মুরগীর রোস্ট বিক্রি হচ্ছে ৩৬০-৪০০ টাকায়। প্রতিদিন ৮০ টির মত ইফতারি আইটেম তৈরী করেন তারা।

ইফতারের সময় নগরীর বেশিরভাগ রেস্টুরেন্টেই তিল ধারণের যায়গা থাকে না। অনেকে জায়গা না পেয়ে আবার দাড়িয়েও ইফতার করেন।

নগরীর পূর্ব জিন্দাবাজারে বারুতখানা পয়েন্টে অবস্থিত ইটোপিয়া থাই চাইনিজ কাবাব এন্ড কারিতে গিয়েও দেখা যায় বিভিন্ন ধরনের খাবার দিয়ে সজ্জিত তাদের ইফতারিগুলো।

চাইনিজের ম্যানেজার আব্দুল মান্না সিলেটটুডেটুয়েন্টিফোরকে বলেন, প্রতিদিন ২০-২৫ টি আইটেম তৈরী করেন তারা। তাঁর মধ্যে রয়েছে তান্দুরী চিকেন (১৫০ টাকা-কোয়ার্টার)। পিস প্রতি খাবারগুলোর দাম হল- বীফ জালি কাবাব ৫০ টাকা, চিকেন শাশলিক ৮০ টাকা, সবজি কোপ্তা ৩০ টাকা, ডিমচপ ২০ টাকা, বাখরখানি ১০ টাকা, পিঁয়াজু ১০ টাকা, বেগুনী ৫ টাকা। তাছাড়াও বোরহানী প্রতি লিটার ১৪০ টাকা, তেহারী ২০০ টাকা প্রতি কেজি, হালিম কেজি প্রতি ২২০ টাকা প্রতি কেজি, ফিরনি ২২০ টাকা প্রতি কেজি, জিলাপী (ছোট) ১৫০ টাকা কেজি ও বড় ১৩০ টাকা।

তাছাড়াও রেস্টুরেন্টগুলো ৮-১০টি আইটেম নিয়ে প্যাকেজ হিসেবেও বিক্রি করছে ইফতারিগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.