শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৬ জুন, ২০১৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মন্দিরের পুরহিতদের নিরাপত্তায় র্যাবের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সাথে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মন্দিরগুলোর পুরোহিতদেরও একই নিরাপত্তায় আওতায় নিয়ে আসা হয়েছে জানা গেছে।
মন্দিরের পুরোহিতদের দেয়া তথ্যমতে, গত মঙ্গলবার র্যাব কর্মকর্তারা শহরের আটটি মন্দিরে গিয়ে পুরোহিতদের সাথে কথা বলে তাদের সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।
শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ীর সেবাইত শ্রী ঝুমুর ভট্টাচার্য বলেন, সকালে র্যাবের লোকজন এসে তাদের খোঁজ খবর নিয়েছেন।
র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা পুরোহিতদের একটি মোবাইল নাম্বার দিয়ে গেছেন। কোন সমস্যা হলে সাথে সাথে ওই নাম্বারে যোগাযোগ করার জন্য র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি হায়াতুন নবী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্প্রতি দেশে কয়েকজন পুরোহিত হত্যাকান্ডের শিকার হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৌলভীবাজার,হবিগঞ্জ জেলার মন্দিরগুলোর পুরোহিতদের কাছে র্যাবের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
এছাড়া বিশেষ করে পর্যটন এলাকা হিসেবে শ্রীমঙ্গল উপজেলার মন্দিরগুলোর পুরোহিতদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি।