নবীগঞ্জ প্রতিনিধি | ১৬ জুন, ২০১৬
নবীগঞ্জে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করেছে একদল বখাটে। মঙ্গলবার (১৫ জুন) বিকালে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের মোল্লারাই গ্রামের রশিক চৌধুরীর পুত্র সোহান চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল একই ইউনিয়নের বাজকাশারা গ্রামের তাহিদ আলীর পুত্র সুজাত, আব্দুল হকের পুত্র সাইদুর ও সুন্দর আলীর পুত্র জসিম উদ্দিনের সাথে।
এরই জের ধরে মঙ্গলবার বিকেলে সোহান তার কর্মস্থল বাংলাবাজার গোল্ড ব্রিক ফিল্ড থেকে বাড়ি ফেরার পথে বাজকাশারা ব্রীজের নিকটে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সুজাত, সাইদুর ও জসিম সহ একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সোহানকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।