হবিগঞ্জ প্রতিনিধি | ১৭ জুন, ২০১৬
হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের আব্দুস সালামের সঙ্গে একই গ্রামের আফছর আহমেদের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে রাত ১১টার দিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি।
এই সংঘর্ষের ঘট্নায় আরো ১০ জন আহত হয়েছেন । গুরুতর আহত অবস্থায় নিহত সালামের ভাই মোতালিবকে সিলেটে ও অপর ভাই আব্দূল মন্নাফসহ ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনার সঙ্গে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে।