কুলাউড়া প্রতিনিধি | ১৭ জুন, ২০১৬
মৌলভীবাজার জেলার কুলাউড়ার নিজ বাড়ি থেকে দেশ-বিদেশের বিভিন্ন জঙ্গি হামলার এক হোতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী এলজি(লোকালগান), ২টি কার্তুজ ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে।
সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ জুনায়েদ আলম সরকার আটকের খবর সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
আটক জঙ্গির নাম লুৎফুর রহমান হারুন (৩৭)। তার বাড়ি কুলাউড়ার কর্মধা ইউপির উত্তর বুধপাশা গ্রামে। সে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
পুলিশ জানায়, ১৫ জুন কুলাউড়া থানা এলাকার কর্মধা ইউপির উত্তর বুধপাশা এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কতিপয় সক্রিয় কর্মী জড়ো হবার খবর পেয়ে আজ ১৭ জুন ভোরে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ধৃত জঙ্গি সদস্য লুৎফুর রহমান হারুনের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে : কুলাউড়া থানার মামলা নং-০৭ তাং-০১/০২/০৫ ইং ধারা- বিস্ফোরক দ্রব্য আইনের ৩(ক)/৪(খ)/৫, মৌলভীবাজার মডেল থানার মামলা নং-১৪, তাং-১৭/০৮/০৫ ইং ধারা- বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬, মৌলভীবাজার মডেল থানার মামলা নং-১৫ তাং-১৭/০৮/০৫ ইং, ধারা-বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫, মৌলভীবাজার মডেল থানার মামলা নং-১৬ তাং-১৭/০৮/০৫ ইং, ধারা-বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫, মৌলভীবাজার মডেল থানার মামলা নং-১৮ তাং-১৭/০৮/০৫ ইং, ধারা-বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারার মামলা রয়েছে।
পুলিশ জানায়, আটক জঙ্গি লুৎফুর ২০০৫ সালের সিরিজ বোমা হামলায় জড়িত ছিল। এরপর সে ২০০৭ সাল পর্যন্ত ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে। দিল্লী রেলস্টেশন থেকে এ্যাক্লুসিভ প্লানিং এ্যাক্ট এবং ফরেনার্স এ্যাক্ট-এ আটক হয়ে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতের তিহার জেলে সাজা ভোগ করে।