মাধবপুর প্রতিনিধি | ১৭ জুন, ২০১৬
আখাউড়া-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাসফিল্ড এলাকায় শুক্রবার সকালে নছিমন ও ট্রেনের মধ্যে সংঘর্ষে নছিমন চালক শাহারাজ মিয়া(৩০) নিহত হয়েছেন। এ সময় নছিমনটি দুমড়ে মুছড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে চুনারুঘাটগামী একটি নছিমন উল্লেখিত স্থানে পৌছালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সেপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে নছিমনটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই নছিমন চালক চুনারুঘাট উপজেলার ডেওয়াতলি গ্রামের ছিদ্দিক আলীর ছেলে শাহারাজ মিয়া নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত)কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি রেলওয়ে পুলিশের হওয়ায় উনারা বিষয়টি দেখছেন।