Sylhet Today 24 PRINT

সিলেটে একদিন আগে ঈদের জামাত করা নিয়ে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০১৬

সিলেটের বরইকান্দি এলাকায় ঈদের একদিন আগে জামাত করা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।  স্থানীয়রা এই বিষয়টিকে ইসলামবিরোধী ষড়যন্ত্র ও বিভ্রান্তি আখ্যায়িত করে এবার তা প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে শুক্রবার জুম্মার নামাজের পর মুসল্লীরা মিছিল সমাবেশ করেছেন।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সিলেটের দক্ষিণ সুরমার বরই কান্দি গাঙ্গু এলাকায় ইউকে ভিত্তিক ইক্বরা প্রতিবন্ধি শিশু হাসপাতাল নামে এনজিও পরিচলিত একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। হাসপাতালটির তত্ত্ববধায়কের দায়িত্ব পালন করছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর। হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের একদিন আগে ঈদ জামাত ও একদিন আগে কোরবানী করা শুরু করে কেউ কেউ।

হাসপাতাল কর্তৃপক্ষের একদিন আগে রোজা রাখা ও একদিন আগে ঈদ উদযাপন করা নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখ দেয়। এই বিষয়ের প্রতিবাদে স্থানীয় মসজিদে আজ (শুক্রবার) বাদ জুম্মা এলাকাবাসী একত্রিত হয়ে মিছিল সমাবেশ করেন। পরে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে আগেরদিন ঈদ জামাতের আয়োজন না করার অনুরোধ করেন।

বরইকান্দি এলাকার মিস্তরী মসজিদের মোতওয়াল্লী মতছির আলী বলেন, একদিন আগে ঈদের জামাত করায় এলাকার যুব সমাজের মধ্যে একধরনের বিভ্রান্তি তৈরি করছে। তিনি বলেন, রাষ্ট্রের আইন অনুযায়ী এবং ইসলামের বিধান মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব। এ কারনে স্থানীয় যুব সমাজ এবার এই বিষয়টি প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রয়োজনে ঈদের আগের দিন থেকে এই হাসপাতালে অবস্থান নিবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.