Sylhet Today 24 PRINT

পাথরবাহী ট্রাকের চাপে চিড়েচ্যাপ্টা মৌলভীবাজারের সড়ক

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৬

হঠাৎ করে পাথরবাহি ট্রাক চলাচল বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে মৌলভাবাজারের সড়কের উপর। ভারি ট্রাকের কারণে ভাঙ্গন দেখা দিয়েছে জেলার বিভিন্ন সড়কে।
 
সম্প্রতি শেরপুর সেতুতে সংস্কার কাজের কারণে বিকল্প সড়ক হিসেবে মৌলভীবাজারের ভেতর দিয়ে যাতায়াত করছে ঢাকা-সিলেট সড়কের সকল যানবাহন। এতে প্রতিদিন পাথর বোঝাই শত শত ট্রাক চলাচল করছে এ সড়ক দিয়ে। পাথর বোঝাই ট্রাকের কারণে মৌলভীবাজার শহরের ভেতরের সড়কে সৃষ্টি হয়ঢেছে বিশাল বিশাল গর্তে। স্থানে স্থানে খানাখন্দ। চলাচলের প্রায় অনুপযোগী হয়ে উঠবে সড়কটি।

এমনকি খোদ জেলা প্রশাসকের বাসবভনের সামনেই রাস্তা ভেঙ্গে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে,  শেরপুর সেতুর মেরামত কাজ শেষ হলেই ঢাকা-সিলেট মহাসড়ক চালু হবে। এতে মৌলভীবাজার শহর দিয়ে ট্রাক ও বাসের চাপ কমে যাবে। ২২ জুন শেরপুর সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

তবে সংস্কার কাজের সাথে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, ২২ জুনের মধ্যে শেরপুর সেতুর সংস্কার কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। মেরামতে আরো সময় লাগতে পারে। ফলে শহর দিয়ে আরো কয়েকদিন চলাচল করবে পাথরবাহী ট্রাক। এ অবস্থায় এই সড়কগুলোর অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন শহরবাসী।

এদিকে, হঠাৎ যান চলাচল বেড়ে যাওয়ায় মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনাও বেড়ে গেছে।

শেরপুর সেতু চালুর পর্যন্ত এই সড়ক দিয়ে পাথরবাহী ট্রাক চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন শহরবাসী।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ট্রাক চলাচলের কারণে সড়কের অনেক স্থানেই ভাঙ্গন দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরে চিঠি লিখেছি। প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

উল্লেখ্য, সড়ক বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সড়ক বিভাগাধীন ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট তামাবিল-জাফলং সড়কের ২০৪ কিলোমিটারে অবস্থিত শেরপুর সেতুর জরুরী মেরামত কাজের জন্য ৯ জুন ভোর ৬ টা থেকে ২২ জুন ভোর ৬ টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে।  মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতুর সংস্কার কাজের জন্য এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে। । এই সময়ে বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য যাত্রী ও চালককে অনুরোধ জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.