Sylhet Today 24 PRINT

১২ দিন পর ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০১৬

শেরপুর সেতুর সংস্কার কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঢাকা-সিলেট মহাসড়ক। ১২দিন বন্ধ থাকার পর সোমবার রাত ১২টা থেকে সড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়।

গত ১২ দিন মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ বিকল্প সড়ক হয়ে যান চলাচল করে। এতে দীর্ঘ যানজটে দূর্ভোগ পোহাতে হয়।

তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই সেতুর সংস্কার কাজ শেষে ঢাকা-সিলেট সড়ক খুলে দেওয়া হলো। এরআগে আগামী ২২ জুন পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে বলে জানিয়েছিলো সড়ক ও জনপথ বিভাগ।

জানা যায়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর সেতুর উত্তর অংশের আরসিসি ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে যায়। আরসিসি ঢালাই ভেঙে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ভাঙা স্থানে পাথর বিটুমিন দিয়ে মেরামত করে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেয়। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে থাকে।

ভাঙন ধরা স্থানে জরুরি মেরামত কাজের জন্য ৯ থেকে ২২ জুন পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এই ১২ দিন মৌলভীবাজার হয়ে গাড়ি সিলেটে আসা-যাওয়া করতো। এতে সময়ও বেশি লাগতো এবং রমজানের মধ্যে যাত্রী ভোগান্তি ছিল চরমে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় দুদিন আগেই তা খুলে দেওয়া হয়েছে।

সোমবার রাতে সিলেট থেকে ঢাকা যাওয়া একাধিক যাত্রী এ তথ্য জানিয়েছেন। তবে এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.