Sylhet Today 24 PRINT

ভোটে জিতেই দেশ ছাড়লেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক  |  ২০ জুন, ২০১৬

তাদের কেউ কেউ যুক্তরাজ্যের আবার কেউ কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক। সিলেটে অবশ্য প্রায় সব প্রবাসীরাই 'লন্ডনী' নামে পরিচিত। বছরের বেশিরভাগ সময়ই তাঁরা প্রবাসে থাকেন। এবার দেশে এসেছিলেন নির্বাচনের জন্য। নির্বাচনে প্রার্থী হয়েছেন। বিজয়ীও হয়েছেন। বিজয়ী হওয়ার পরপরই আবার দেশ ছেড়ে চলে গেছেন। শপথ নেওয়ারও ফুসরত মিলেনি অনেকের।

সিলেটের ওসমানী নগর উপজেলার দু'জন ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৪ জন নবনির্বাচিত চেয়ারম্যান ইতোমধ্যে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। গোয়াইনঘাট উপজেলার দু'জনসহ আরো কয়েকজন প্রবাসী চেয়ারম্যান ঈদের আগেই দেশ ছাড়বেন বলেও জানা গেছে।  

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনে বিজয়ী হওয়ার পর এলাকার লোকজনকে কিছু না বলেই অনেক চেয়ারম্যান দেশ ছেড়ে চলে গেছেন।

জানা যায়, প্রবাসীবহুল এলাকা সিলেটের নির্বাচন এলে বেড়ে যায় প্রবাসীদের আনাগোনাও। স্থানীয় নির্বাচনগুলো অনেক প্রবাসীই প্রার্থী হন। পারিবারিক ঐতিহ্য, ব্যক্তি ইমেজ আর অর্থের জোরে তাদের অনেকে বিজয়ীও হন। তবে, নির্বাচিত হওয়ার পর এসব জনপ্রতিনিধিরা বেশিরভাগ সময়ই পুরো পরিবার নিয়ে দেশের বাইরে থাকেন। এনিয়েও ভোটারদের মধ্যেও ক্ষোভ রয়েছে।

গত ২৮ মে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ছয়টিতেই বিজয়ী হন প্রবাসী প্রার্থী। এই ছয় নবনির্বাচিত চেয়ারম্যানের মধ্যে ৪জনই নির্বাচনের পরপর দেশ ছেড়ে চলে গেছেন।  

জগন্নাথপুরের উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ১ নং কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম, ৫ নং চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, ৭ নং সৈয়দপুর সাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, ৯ নং পাইলগাও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, ৮ নং আশারকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু ঈমানী যুক্তরাজ্যের বাসিন্দা। নির্বাচনে বিজয়ী হওয়ার পর এ মাসের শুরুর দিকেই তাঁরা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন বলে চেয়ারম্যানদের পারিবারিক সূত্রে জানা গেছে।

চেয়ারম্যানদের পারিবারিক সূত্রে জানা যায়, শপথ অনুষ্ঠানের পূর্বেই তিনি দেশে ফিরে আসবেন। মূলত পরিবারের সাথে ঈদ কাটাতেই দেশ ছেড়েছেন তাঁরা।

এ বিষয়ে কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম বলেন, আমি সবসময় লন্ডন ও বাংলাদেশে যাতায়াত করি। কারণ দুই দেশেই আমার ব্যবসা বাণ্যিজ্য ও স্বজনরা আছেন। দায়িত্ব গ্রহণের আগে প্রবাসের সবকিছু পরিবারকে বুঝিয়ে দিতে লন্ডনে গেছি। শপথের আগেই চলে আসব।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন,অনেকদিন ধরে লন্ডনে যাওয়া হয় না তাই সুযোগ পেয়ে চলে গেছি। নতুন করে দায়িত্ব গ্রহণের আগে পরিবারকে একটু সময় দিয়ে আসলাম।

এদিকে, সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খালেক আহমদ ও উপরপুর ইউনিয়নের চেয়ারম্যান খালেক আহমদও সম্প্রতি যুক্তরাজ্য পাড়ি জমিয়েছেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে। এই উপজেলায়ও গত ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অপরদিকে, গোয়াইনঘাট উপজলার দুই নবনির্বাচিত চেয়ারম্যানও এ সপ্তাহে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। উপজেলার আলীর গাঁও ইউনিয়ন পরিষদের মো. গোলাম কিবরিয়া হেলাল ও ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম চেয়ারম্যান আগামী ২৩ জুন দেশ ছাড়বেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।। এদের দু'জনই যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিক। পরিবারের সাথে ঈদ করার জন্যই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারম্যানদ্বয়। এই উপজেলায় গত ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল বলেন, অবসর সময় পার ও পরিবার পরিজনের সাথে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.