হবিগঞ্জ প্রতিনিধি | ২০ জুন, ২০১৬
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের বন বিটের প্রহরীদের নিকট থেকে ছিনিয়ে নেয়া শর্টগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গুরুতর আহত এক বন প্রহরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, সোমবার শেষ রাতে একদল গাছ চোর সাতছড়ি বন বিটে প্রবেশ করে। এরা বেশকটি মূল্যবান কেটে নিয়ে যাবার সময় বন বিটের কর্মকর্তা আনিছুজ্জামানের নেতৃত্বে ২জন বন প্রহরী তাদের গতিরোধ করেন। এসময় তাদের সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে গাছ চোরেরা তাদেরকে আহত করে একটি শর্টগান ও ৪ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়। ভোর ৪টার দিকে এ খবর চুনারুঘাট থানায় পৌছুলে ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ছিনিয়ে নেওয়া অস্ত্র গুলি উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে।
পুলিশ প্রথমেই পারকুল বস্তির কবির মিয়াকে (৩২)কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ঘটনার হোতা খেলন মিয়া (৫০) কে চন্দনা গ্রাম থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে বন প্রহরীর ছিনিয়ে নেওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে দ্বিমাগুরুন্ডা গ্রামের অপর আসামী মিজানুর রহমান (৩২) কে গ্রেফতার করে পুলিশ।
ওসি নির্মলেন্দু জানান এই ঘটনার সাথে ১২/১৩ জন গাছ চোর জড়িত ছিল। গুরুতর আহত বন প্রহরী মুসলিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বিট কর্মকর্তা আনিছুজ্জামান বাদি হয়ে একটি মামলা করেছেন।