Sylhet Today 24 PRINT

নগরীতে ছিনতাইয়ের নতুন কৌশল, জনতার প্রতিরোধ

দেবব্রত চৌধুরী লিটন |  ২১ জুন, ২০১৬

সিলেট নগরীতে ছিনতাইয়ের নতুন কৌশল বেছে নিয়েছে ছিনতাইকারীরা। অটোরিকশা যাত্রী বেশে দিনদুপুরে ছিনতাইয়ে নামছে তারা। দিনদুপুরেই প্রকাশ্যে ছিনতাই করে পালিয়ে যাচ্ছে।

এমন ছিনতাইয়ের একাধিক ঘটনায় জনতা প্রতিরোধ গড়েও তুলছে। গত এক সপ্তাহে নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার থেকে অটোরিকশা যাত্রীবেশে ছিনতাইকালে জনতা ৫ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এদিকে, চলতি রমজান মাসে নগরীতে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা। ঈদের কেনাকাটা আসা নগরবাসীকে টার্গেট করছে এসব ছিনতাইকারী। রাতের আঁধার বা নির্জন এলাকা নয়, এখন দিনদপুরে-জনবহুল এলাকায়ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তবে পুলিশ বলছে, অনান্য সময়ের তুলনায় ছিনতাই এখন অনেক কমেছে।

সর্বশেষ সোমবার দুপুরে একটি সিলেট নগরীর  জিন্দাবাজার এলাকার আল-মারজান শপিং সেন্টারের সামনে দিয়ে একটি ঋণদান সংস্থা থেকে ঋণের ৩০ হাজার টাকা তোলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি। এসময় ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশা করে পালিয়ে যাওয়ার সময় জিন্দাবাজার থেকে ধাওয়া করে নগরীর বারুতখানায় গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। আটককৃত শামীম আহমদ (২৮) ও সিএনজি রুকু মিয়া (২৪) কে পুলিশের কাছে তোলে দেয় জনতা।

১০ জুন বিকেলে নগরীর জিন্দাবাজারে অটোরিকশা করে এসে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা চালায় তিন যুবক। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই তিনজনকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

গত শুক্রবার রাত ১০টায় দক্ষিণ সুরমার হুমাইয়ুন রশীদ স্কয়ারের সামনে মৌলভীবাজার যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কালে ছিনতাইয়ের শিকার হন সাগর নামে এক ব্যংক কর্মকর্তা । এসময় ছিনতাইকারীরা কৌশলে তাকে ভীড় থেকে আলাদা করে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭০০০ হাজার টাকাসহ ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।

নগরীর লামাবাজারের ভাতালিয়া এলাকায় গত সাপ্তাহে ছিনতাইয়ের স্বীকার হন একজন চিকিৎসকের স্ত্রী । ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিলো দামী মোবাইল ফোন ও নগদ টাকা।
 
রমজান মাসে হঠাৎ ছিনতাই বেড়ে যাওয়া আতঙ্ক দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে।

তবে সিলেট কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য যেকোন সময়ের তুলনায় এখন ছিনতাইয়ের ঘটনা কমেছে । গত এক সপ্তাহে পুলিশ ১০ জনের মত ছিনতাইকারীকে আটক করেছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.