নিজস্ব প্রতিবেদক | ১৭ মার্চ, ২০১৫
আজ ১৭ই মার্চ। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, কালের শ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্মবার্ষিকী। সারা দেশের সাথে সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি।
দিনব্যাপী বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুরুতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট, পুলিশ কমিশনার সিলেট, জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেট, মুক্তিযোদ্ধা জেলা ও মহানগর ইউনিট কমান্ড।
পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা এবং মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও প্রশাসন, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
এর পর জেলা প্রশাসন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এক আনন্দ শোভা যাত্রা বের করে।
বিভিন্ন কর্মসূচী গ্রহনের মাধ্যমে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সরকারী/বেসরকারী কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী পালন করেছে।
বেলা ১১টায় সিলেট জেলা, মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা জন্ম দিনের কেক কাটেন।
সকাল ১০টা হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিভাগীয় পুলিশ কমিশনার, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ-সিলেট বিভাগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, নাট্যমঞ্চসহ নানা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।
সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সৈয়দা জেবুন্নেছা হক, আশফাক আহমদ, এডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ডা. আরমান আহমদ শিপলু, মহানগর শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান, আসমা কামরান, ছাত্রলীগ নেতা রাহাত তরফদার, এমরুল হাসান প্রমুখ।