Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ‘পুলিশের উপস্থিতিতে’ যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার থেকে |  ২২ জুন, ২০১৬

বিয়ানীবাজার উপজেলার আলীনগরে জমি সক্রান্ত বিরোধকে কেন্দ্র করে  এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় অপর একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

ঘটনাস্থলের কাছাকাছি পুলিশও ছিল বলে এলাকাবাসী জানায়। নিহত যুবকের নাম মাহতাব উদ্দিন (৪৫)। তিনি আলীনগর গ্রামের মৃত মখন আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুন) সকাল ১০টার দিকে বাড়ির পাশ্ববর্তী জমিতে গরু বেঁধে বাড়ি ফেরার পথে মাহতাব উদ্দিন হামলার শিকার হন। হামলাকারীরা তার বুক ও পেটে ধারালো দা দিয়ে একাধিক কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রতক্ষ্যদর্শীর বরাতে জানা যায়, জমি নিয়ে এই দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার জমির দখল নিতে সেখানে অবস্থান নিয়েছিল রুবেল, সুমন ও রাজন সহ অন্যরা। স্থানীয় বাজারে গরু ব্যবসার সঙ্গে জড়িত মাহতাব পাশ্ববর্তী জমিতে গরু বেঁধে যাওয়ার পথে হামলার শিকার হন।

ঘটনার পর উত্তেজিত আসাদ (৪৫) রুবেলদের বাড়িতে আক্রমণ করতে উদ্যত হলে তিনিও হামলার শিকার হন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

এলাকার অনেকেরই অভিযোগ, জমির দখল ও প্রতিপক্ষের ওপর হামলা চালাতে সুমন তালুকদাররা বাড়িতে পুলিশ নিয়ে এসেছিলেন। এবং পুলিশের উপস্থিতিতে এ খুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকার বাসিন্দা সোহরাব আলী,  তুহিন আহমদ বলেন, মাহতাব উদ্দিনকে কুপানোর সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই ছিল।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খুনের সময়ে পুলিশ উপস্থিতি ছাড়াও পরবর্তীতে কয়েক দফায় অতিরিক্ত পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। এলাকাবাসী ওই বাড়ি ঘিরে রেখেছে। ঘটনার কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পুলিশ মুল অভিযুক্ত রুবেল তালুকদার (২২), সুমন তালুকদার, রাজন তালুকদার সহ অন্যান্যদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ (ওসি) সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলীনগরের খবর পেয়েছি, এই নিয়ে খুব ব্যস্ত আছে, পরে কথা বলব।"

আলীনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমি নিয়ে বিরোধী প্রভাবশালীরা গরিব লোকটিকে মেরে ফেলছে"।

তিনি বলেন, "আমরা খুনিদের তাদের বাড়িতে ঘিরে রেখেছি, পুলিশ আছে, ওসিও এসেছেন"।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.