বানিয়াচং প্রতিনিধি | ২২ জুন, ২০১৬
বানিয়াচংয়ে জামায়াতে ইসলামী নেতার উপর দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।
এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কয়েকদিন ধরে ওই নেতার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে সর্বত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ জুন) উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক প্রচার সম্পাদক সৈয়দ ফয়সল আহমেদকে ককটেল ও পেট্রল বোমাসহ গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ। শনিবার (১৮ জুন) বেলা ২টায় স্থানীয় শহীদ মিনারের সামনে সৈয়দ ফয়সলের মুক্তির দাবিতে মানববন্ধন করেন বিভিন্ন মসজিদের মুসল্লীগণের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
অভিযোগ রয়েছে মানববন্ধনে নেতৃত্বে ছিলেন বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোতাব্বির হোসেন। জামায়াত নেতার পক্ষে মানববন্ধনে অংশ নেয়ায় আওয়ামী লীগের ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা মোতাব্বির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।