বানিয়াচং প্রতিনিধি | ২২ জুন, ২০১৬
বানিয়াচং বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজ উদ্দিন আহমেদ তাজের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুন) সকাল সাড়ে দশটায় বানিয়াচং বড়বাজার স্থানীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বানিয়াচং উপজেলা সদরের সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের বিপুল সংখ্যক জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক রতীন্দ্র চন্দ্র দাস, আলী রহমান, মোজাম্মিল হোসেন খান, হাবীবুর রহমান, আওলাদ মিয়া, এম এ ওয়াহিদ, নার্গিস আক্তার রীনা, ফজল উল্লাহ খান, আবু ইউছুফ ও ছানাউল হক।
বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষক তাজ উদ্দিন আহমেদের উপর হামলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা। শিক্ষকের উপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা মেনে নেয়া যায়না। ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষকরা অনতিবিলম্বে হামলাকারীদের ধরতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান মানববন্ধনে আসা বক্তারা। অন্যথায় বানিয়াচংয়ের সর্বস্তরের শিক্ষক সমাজ তথা বানিয়াচংবাসীদের নিয়ে বৃহত্তর কর্মসূচীর ডাক দেয়া হবে।
মানববন্ধনের একপর্যায়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ।
উল্লেখ্য, সোমবার (২০ জুন)) দক্ষিণ নন্দীপাড়া মহল্লার বাসিন্দা ও বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজ উদ্দিন আহমেদ তাজ স্কুলের দাপ্তরিক কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দুর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে তার ভাই সাহেদ আলী এগিয়ে এলে তাকেও কুপিয়ে দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তের দল।