সিলেটটুডে ডেস্ক | ২৩ জুন, ২০১৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুর রকিবের (৪০) মৃত্যু হয়েছে।
বুধবার রাত দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আব্দুর রকিব কোম্পানীগঞ্জ উপজেলার হাগাইল ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের বাসিন্দা মৃত ছিকন্দর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে উপজেলার দক্ষিণ রানিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের বাসিন্দা লিয়াকত আলী, সুয়েব, শরিফ মিয়া, হেলাল মিয়াসহ কয়েক জনের সঙ্গে আব্দুর রকিবের কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে আব্দুর রকিবের ওপর হমালা চালায় তারা।
পরে ওই দিন বিকালে গুরুতর আহত অবস্থায় আব্দুর রকিবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর ৫ দিন পর বুধবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বায়েছের আলম বলেন, ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে।