Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ঈদকে সামনে রেখে রাস্তায় নামছে ‘লক্কড়-ঝক্কড়’ গাড়ি

দুর্ঘটনার শঙ্কা

বানিয়াচং প্রতিনিধি |  ২৩ জুন, ২০১৬

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ আর ছুটি শেষে কাজে বা বাড়িতে ফেরার প্রয়োজনে বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দেখা দেয় পরিবহন সংকট। আর এই সুযোগে এই মহাসড়কে ফিটনেসবিহীন আর লক্কড়-ঝক্কড় গাড়িতে রংয়ের প্রলেপ সাজিয়ে দেয়া হচ্ছে নতুনের অবয়ব।

চলাচলকারী যাত্রীদের অভিযোগ,স্থানীয় প্রশাসনের নজরদারী না থাকায় দিনকে দিন বাড়ছে এসব গাড়ির সংখ্যা। তাই উৎসবে প্রাণহানি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোঁজ নিয়ে জানা যায়,কয়েক বছর আগেই যাত্রী পরিবহনের ক্ষমতা হারিয়েছিল একটি গাড়ি। কিন্তু ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন এই গাড়িতে চলছে রঙের কাজ।

প্রতিবছর ঈদের সময় ভাঙাচোরা আর ফিটনেসবিহীন এসব গাড়ি জোড়াতালি দিয়ে নামানো হয় বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। পুরনো গাড়িকে নতুন রঙের মাধ্যমে এই ফিটনেস ফিরিয়ে আনা এসব যানবাহন চলছে দেদারছে।

এই রাস্তায় নিয়মিত চলাচল করা সাইফুল হোসেন বলেন ,এসব 'লক্কড়-ঝক্কড়' গাড়ির কারণেই এই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে হরহামেশা। আর তাতে যাত্রীদের চলাচলে ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গাড়ি মালিকের সাথে এই বিষয়ে কথা হলে তিনি জানান,ফিটনেসবিহীন গাড়ি ঈদের আগে যাত্রীদের বাড়তি চাপ মাথায় রেখে গাড়িগুলো রাস্তায় নামানো হয়। তবে এ ক্ষেত্রে যাত্রীরা কতটুকু নিরাপদে বাড়ি ফিরতে পারছেন এ প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

বিষয়টি যখন পুরো  উপজেলায় ওপেন সিক্রেট তখন উপজেলা প্রশাসন বলছে ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় স্বস্তি আনতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে প্রতিশ্রুতির বেড়াজাল থেকে বেড়িয়ে নিরাপদ যান চলাচলে কার্যকর উদ্যোগ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এই পথের যাত্রীদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.