Sylhet Today 24 PRINT

জ্বালানী তেলেও ভেজাল!

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০১৬

বিভিন্ন খাবারের পর এবার জ্বালানী তেল পেট্রাল, অকটেনেও ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। ভেজাল তেল এবং গাড়ির জন্য ক্ষতির বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ওজন বাড়ানো হচ্ছে পেট্রোল ও অকটেনের।

বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমায় র‌্যাবের অভিযানে এমন জালিতায়তির প্রমাণ মিলে। জালিয়াতির সময় র‌্যাব ৮ জনকে আটক করে ও জ্বালানী তেলবাহী দুটি ট্যাংকলরি জব্দ করে।

জানা যায়, সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা এলপিজি প্লান্টে গ্যাসের উপজাত পরিশোধন করে পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যায়। এসব জ্বালানী তেল রাষ্ট্রীয় তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

তেল বিক্রয়কারী এসব প্রতিষ্ঠান নিজেদের ট্যাংকলরির মাধ্যমে কৈলাশটিলা থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে আসে। প্রতিদিন কয়েকশত ট্যাংকলরি দিয়ে কৈলাশটিলা থেকে এসব পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানী তেল নিয়ে আসা হয়। তবে এসব জ্বালানী তেলেও ভেজাল মেশানো হয় বলে প্রমাণ পায় র‌্যাব।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, কৈলাশটিলা এলপিজি প্লান্ট থেকে এসব জ্বালানী তেল ডিপোতে নিয়ে যাওয়ার পথে অনেক ট্যাংকলরি চালক এ সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে অবৈধভাবে বিক্রি করা হয়।

কিন্তু বিক্রি করার পরও যাতে ধরা না পড়ে এজন্য তারা লরিতে থাকা অবশিষ্ট জ্বালানী তেলের সাথে স্বল্পমূল্যের জ্বালানী তেল মিশিয়ে দেয়।

এরপর পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এসব ভেজাল তেল। যা যানবাহনের জন্য খুব ক্ষতিকর।

র‌্যাব-৯ এর অপারেশন অফিসার মেজর এসএম ফখরুল ইসলাম খান বলেন, কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে সিলেটে আসার পথে নির্দিষ্ট কিছু স্থানে গাড়ি থামিয়ে জ্বালানী তেলে এসব ভেজাল মেশানো হয়। এই অবৈধ কাজের জন্য সিলেট-গোলাপঞ্জ সড়কের পাশে গড়ে ওঠেছে জ্বালানী তেলের একাধিক খোলা দোকান।

এসব দোকানের সামনে লরি থামিয়ে পট্রোল ও অকটেন বিক্রি করেন চালকসহ চক্রের সদস্যরা। পরে সমপরিমান স্বল্পমূল্যের জ্বালানীতেল মিশিয়ে ওজন বাড়ানো হয়।
এসব অবৈধ দোকানের ব্যবসায়ীরা জ্বালানীর সাথে ‘এয়ার এক্টিভেট ব্লিচিং আর্থ’ নামক একধরনের রাসায়নিক মিশিয়ে তা খোলাবাজারে বিক্রি করে।
 
মেজর ফখরুল আরো জানান, এব্যাপারে কয়েকটি অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দক্ষিণ সুরমার শ্রীরামপুরে ও গোলাপগঞ্জের ভূঁইটিকর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯। এসময় রাস্তার পাশের দুটি জ্বালানী তেল বিক্রির দোকানে ৩ টি জ্বালানী তেলবাহি ট্যাংক লরি থামিয়ে পেট্রোল ও অকটেনে ভেজাল তেল ও রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পায় র‌্যাব। তবে র‌্যাবের অভিযান টের পেয়ে দুটি ট্যাংকলরির চালক পালিয়ে যায়। তবে অপর একটি ট্যাংকলরির চালক নুরুল কবির, তার সহযোগী ইদ্রিস আলী ও ইমরানকে আটক করা হয়।

এছাড়া শ্রীরামপুরের পেক পয়েন্ট নামক একটি অবৈধ জ্বালানী তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে নজরুল ও হাসেমকে আটক করা হয়। এই অভিযানে মোট সন্দেহভাজন ৮ জনকে আটক করা হয়েছে জানিয়ে র‌্যাব-৯ এর অপারেশন অফিসার মেজর এসএম ফখরুল ইসলাম খান বলেন, আটককৃতদের থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.