নিজস্ব প্রতিবেদক | ১৭ মার্চ, ২০১৫
সিলেটে মুক্তিপন না পেয়ে শিশু আবু সাঈদ হত্যার দার স্বীকার করায় কারাবন্দি পুলিশ কনস্টেবল এবাদুর রহমানকে পুলিশ বাহিনী থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এবাদুর রহমানকে বহিষ্কারের তথ্য জানােনা হয়।
এদিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে আজ মঙ্গলবারও বিক্ষোভ করেছে দশটি পাড়ামহল্লার বাসিন্দারা।
বিকেল সাড়ে ৫টায় নগরীর রায়নগর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মিরাবাজার ঘুরে মনিপুরি রাজবাড়িতে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন রায়নগর, দর্জিপাড়া, ঝেরঝেরিপাড়া, আগপাড়া, ঝর্ণারপাড়, মিরাবাজার, মনিপুরি রাজবাড়ি, শাহী ঈদগাহ, কুমারপাড়া ও খরাদিপাড়ার বিক্ষুব্দ মানুষেরা।
এসময় বিক্ষোভকারীরা হত্যার সাথে জড়িত আটক পুলিশ কনস্টেবল এবাদুর রহমান, কথিত র্যাব সোর্স আতাউর রহমান গেদা ও জেলা উলামা লীগের সেক্রেটারী নুরুল ইসলাম রাকিবের ফাঁসি ও পলাতক জেলা উলামা লীগের প্রচার সম্পাদক মহিবুল ইসলাম মাছুমসহ অজ্ঞাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় তারা প্রতিদিনই রাজপথে বিক্ষোভ করবেন বলে হুশিয়ারি দেন।
এরআগে সোমবারও এলাকাবাসী বিক্ষোভ মিছিল এবং জড়িতদের বাসা-বাড়ি ভাংচুর করেন।
এদিকে, হত্যার অন্যতম আসামী আতাউর রহমান গেদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে হত্যাকান্ডে সম্পৃক্ত ৫ জনের মধ্যে অন্য ২ জনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
শনিবার রাতে এসএমপির বিমান বন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে নগরীর হাজী শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আবু সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।