নিজস্ব প্রতিবেদক | ২৫ জুন, ২০১৬
সিলেট নগরীর পাঠানটুলায় ছাত্রলীগের এক গ্রুপের উপর অপর গ্রুপের নেতাকর্মীদের হামলায় আ. লীগ নেতার ছেলেসহ ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত নাজমুস সামস তুষারকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাজমুস সামস মহানগর আ. লীগের সহসভাপতি এডভোকেট রাজউদ্দিনের ছেলে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
শুক্রবার (২৪ জুন) রাত ১১ টার দিকে পাঠানটুলার লাভলী রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাভলী রোড এলাকায় ছাত্রলীগের একটি গ্রুপ নিয়মিত আড্ডা দিতো। শুক্রবার রাত ১১ টার দিকে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে নাজমুস সামসসহ ৩ জন আহত হন।
আহত নাজমুস সাকিবের ভাই নাসির সামস পিয়াস অভিযোগ করে বলেন, আব্দুল আলীম তুষারের নেতৃত্বে তার ভাইয়ের উপর হামলা চালানো হয়।
তবে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার এ অভিযোগ অস্বীকার করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি আজ শহরের বাইরে ছিলাম। হামলার বিষয়ে আমি কিছু জানি না।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে একজন আহত হয়েছেন। তুষার গ্রুপ হামলা চালিয়েছে বলে শুনেছি।