Sylhet Today 24 PRINT

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে ৬ হাজার চা শ্রমিক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৬

দৈনিক মজুরি বর্ধিত ১৬ টাকা হারে গত ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-র ৫টি চা বাগানের ছয় হাজার শ্রমিক আজ (মঙ্গলবার) কর্মবিরতি পালন করছেন।

তবে পরে বেতন পাওয়ার আশ্বাস পেয়ে আগামীকাল বৃহস্পতিবার শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে জানা গেছে।

এই পাঁচটি চা বাগান হলো কমলগঞ্জের মাধবপুর, মদনমোহনপুর, পাত্রকলা, কুরমা ও চাম্পারায়।

গত বছর চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬৯ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা করে চা বাগান মালিকদের সংগঠন চা সংসদ।

কর্মবিরতিতে থাকা শ্রমিকরা অভিযোগ করেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে বর্ধিত বেতন কার্যকর হলে মাধবপুর, মদনমোহনপুর, পাত্রকলা, কুরমা ও চাম্পারায় চা বাগানে ওই বছরের সেপ্টেম্বর পর্যন্ত তা পরিশোধ করা হয়। কিন্তু পরের মাস থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত চার মাসের দৈনিক বর্ধিত ১৬ টাকা হারে জনপ্রতি চা শ্রমিকদের প্রায় তিন হাজার টাকা বকেয়া প্রদান করা হয়নি। ফলে কমলগঞ্জের এই পাঁচটি চা বাগানের ছয় হাজার শ্রমিক আজ বুধবার সকালে কাজে যোগ না দিয়ে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু ধলই ভ্যালির (অঞ্চলের) সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, অন্যান্য চা বাগানের শ্রমিকদের গত বছরের জানুয়ারি থেকে বর্ধিত বেতন দেওয়া হলেও এই ৫টি চা বাগানে এখনো ৪ মাসের বর্ধিত বেতন আটকে রাখা হয়েছে। তাই শ্রমিকেরা কর্মবিরতি করছেন।

এনটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহজাহান বলেন, ঈদের আগে এত টাকা (প্রায় তিন কোটি) একসঙ্গে ব্যাংক থেকে তোলা যাচ্ছে না। তবে আগামী ৪ জুলাই সব বকেয়া পরিশোধ করা হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ৪ জুলাই বকেয়া দিয়ে দেওয়া হবে কর্তৃপক্ষের এমন আশ্বাসে শ্রমিকেরা আগামীকাল কাজে যোগে দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.