Sylhet Today 24 PRINT

সিলেটে বিদেশী নাগরিকদের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুলাই, ২০১৬

গুলশানের সন্ত্রাসী হামলার পর সিলেটে বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার নগরীর কয়েকটি স্থানে দেখা যায় বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ নিয়োজিত রয়েছেন। বিদেশীরা যেদিকে যাচ্ছেন পুলিশ সদস্যরাও তাদের সাথে সাথে যাচ্ছেন।

শনিবার সিলেটে বেড়াতে আসেন দুই কানাডিয়ান নাগরিক। শনিবার দুপুরে তাঁরা শাহজালাল (র.) এর মাজার ও কীনব্রিজ দেখতে যান। তাঁদের সাথে সর্বক্ষণ ছিলেন সশস্ত্র তিনজন পুলিশ সদস্য।

নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই সুহেল দেব বলেন, গুলশানের ঘটনার পর বিদেশীদের নিরাপত্তার জন্য এই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরআগে শনিবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন,  সিলেট নগরীর যেসব বাসা, হোটেল, মোটেল ও রিসোর্টে বিদেশিরা রয়েছেন সেগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিদেশিরা যেসব রেস্টুরেন্টে বেশি যাতায়াত করেন সেগুলোতে নজরদারি করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.