বড়লেখা প্রতিনিধি | ০৪ জুলাই, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দুই গ্রামের ৪২ জনের নাম উল্লেখ করে ১২০০ জনকে অজ্ঞাতনামা আসামী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। মামলাটি করেছেন থানার এসআই মেহেদি হাসান। এ মামলায় তাজ উদ্দিন নামে এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার পৌর শহরে জনৈক দুই অটোরিকশা চালকদের ঝগড়ার ঘটনার জের ধরে জফরপুর-গঙ্গারজল ও ইয়াকুব নগর গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের এ সূত্রপাত ঘটে। এতে থানার ওসি ও পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৫০ ব্যক্তি আহত হন।
পুলিশ আহতের ঘটনায় উভয় পক্ষের ৪২ জনের নাম উল্লেখ ও ১০০০-১২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে রাতেই থানায় পুলিশ অ্যাসল্ট মামলা করেন এসআই মেহেদি হাসান।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ অ্যাসল্ট মামলার এক আসামীকে সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে।’