Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ঈদকে সামনে রেখে পুলিশের চাঁদাবাজি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

ঈদকে সামনে রেখে চাঁদা আদায়ে নেমেছে মৌলভীবাজার জেলা পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের নামে যানবাহন দাঁড় করিয়ে চাঁদা আদায় করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। একই সাথে অনেকেই ঈদের আগে পুলিশের এ ব্যবহারে আস্থা হারাচ্ছেন পুলিশ প্রশাসনের উপর থেকে। পুলিশ বাহিনীর এ ধরণের কাজে সমস্ত পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে মন্তব্য অভিযোগকারীদের।

ভুক্তভোগীরা জানান, মৌলভীবাজার শহর ও শহরতলীর কয়েকটি স্থান যেমন বেজবাড়ী মোড়, প্রেসক্লাব প্রাঙ্গণ, জুগিডহর, শমশেরনগর রোড, ইসলামপুরসহ কয়েকটি স্থানে দিনে ও রাতে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র দেখার নামে হয়রানি ও ব্যাপক চাঁদাবাজি চলছে। আর চাঁদা দিতে না পারলে যে কোনও মিথ্যে কারণ দেখিয়ে দেওয়া হচ্ছে মামলা।

আর এ সকল অভিযোগের লক্ষ্যবস্তু মৌলভীবাজার টাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজ ও মডেল থানার (এসআই) সুকোমল ভট্টার্চায্য ও কনস্টেবল মোমেন। ট্রাক, মাইক্রোবাস, সিএনজি, টমটম ও মটর সাইকেল দাঁড় করিয়ে চাঁদা আদায়ের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, শহরের বেজবাড়ীতে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আটক করে প্রথমে মোটরসাইকেলের কাগজপত্র দেখার কথা বলে সাইকেল থেকে চাবি নিয়ে নেয় পুলিশ। পরে কাগজপত্র সঠিক দেখে হেলমেট না থাকার কারণে মামলা করা হবেনা বলে এক হাজার টাকাও দাবি করেন এসআই সুকমল ভট্টাচার্য্য ও কনস্টেবল মোমেন।

তিনি আরও জানান, কতিপয় অসাধু পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনী এখন ভুগছে ইমেজ ও আস্থার সংকটে। অথচ অপরাধ দমনে অনেক সৎ নিষ্ঠাবান পুলিশ সদস্যদের সাহসী কর্মকাণ্ড ঢাকা পড়ছে কয়েকজনের দুর্নীতিতে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল জানান, মোটরসাইকেল ও গাড়ির কাগজপত্র দেখার জন্য নির্দেশ দেওয়া আছে। তবে সাইকেলে বা গাড়ির চাবি নেওয়ার জন্য কোনও নির্দেশ দেওয়া হয়নি। কোনও পুলিশ সদস্য এ রকম অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.