শ্রীমঙ্গল সংবাদদাতা | ২০ মার্চ, ২০১৫
ঢাকার উত্তরা থেকে অপহৃত ব্যবসায়ীকে শ্রীমঙ্গলের দূর্গম এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
অপহৃত ব্যবসায়ির নাম ওসমান গনি। শ্রীমঙ্গলের দূর্গম এলাকা রাজঘাট ইউনিয়নের মেকানিছড়া থেকে ৮ দিন পর উদ্ধার করেছে র্যাব-৯ এর একটি দল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উদ্ধারের পর সেখান থেকে আটক করা হয় ৬ অপহরণকারীকে। এসময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক-০৩-৬৩৬১) আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হচ্ছে ময়মনসিংহেরর ত্রিশাল এলাকার সোসাগাজির চাঁন মিয়ার ছেলে লিটন মিয়া, সিলেটের লালবাগ এলাকার অলি মিয়ার ছেলে সাব্বির আহমদ সুমন, শ্রীমঙ্গল মোহাজিরাবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে কালাম মিয়া, শ্রীমঙ্গলের পশ্চিম লইয়াকুল গ্রামের নিলু মিয়ার ছেলে লতিফ মিয়া, শ্রীমঙ্গল হরিনছড়া এলাকার গবিন্দ গড়ের ছেলে অরুন গড় এবং শ্রীমঙ্গল সুরভিপাড়া এলাকার ছমেদ আলীর ছেলে আবু তাহের।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, র্যাব-৯ শুক্রবার সকালে শ্রীমঙ্গল থানায় আটক ৬ জনকে হস্তান্তর করা হয়েছে। পরে সকাল ৯টায় ব্যবসায়ী অপহরণকারী ওই ৬ ব্যক্তিকে নিয়ে পূনরায় দূর্গম পাহাড়ী এলাকা মেকানিছড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক-০৩-৬৩৬১) আটক করা হয়।
এদিকে শ্রীমঙ্গল থানায় এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ময়মনসিংহের গফরগাওয়ের বাসিন্দা ও বর্তমানে ঢাকার উত্তরার গরিব নেওয়াজ এভিনিউ এলাকার জমি ব্যবসায়ী ওসমান গনিকে শ্রীমঙ্গল শহরে জমি দেখানোর নাম করে আটক অপহরণকারীরা ঢাকা থেকে ফোন করে নিয়ে আসে। সেখান থেকে তাকে উপজেলার দূর্গম পাহাড়ী এলাকা হরিণছড়ার মেকানিকা ছড়ার গহিন জঞ্জলে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবী করে। পরে তার পরিবার বিকাশ বিভিন্ন নাম্বারের মাধ্যমে অপহরণকারীদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা পাঠায়।
বিষয়টি ওসমান গণির জামাতা মেজর (অব:) মোহাম্মদ মাহবুবুল হক র্যাব-৯ কে জানান। র্যাব অপহরণকারীদের দেওয়া বিকাশ নাম্বারের সূত্র ধরে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে বৃহস্পতিবার ভোর রাত্রে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ১১ জনের মধ্যে ৬ জনকে আটক করে।
শুক্রবার সকালে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অপহৃত ব্যবসায়ী ওসমান গনি বাদি হয়ে শ্রীমঙ্গল থানার একটি অপহরণ মামলা দায়ের করেছেন।