বড়লেখা প্রতিনিধি | ০৫ জুলাই, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে নির্যাতিত, হামলা-মামলার শিকার, পঙ্গুত্ব, কারাবরণকারী বিএনপি ও অঙ্গসংগঠনের ৩০০ নেতাকর্মীকে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছেন কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু।
সোমবার (৪ জুলাই) দুপুরে তার পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু। ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির প্রথম গণতন্ত্র হত্যা দিবস পালনের মিছিলে সরকার দলীয় লোকজনদের অতর্কিত হামলায় পঙ্গুত্ব বরণ করেন পৌর যুবদলের সাবেক প্রচার সম্পাদক নুরুল ইসলাম তাপাদার। পঙ্গু যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারের গাজিটেকা বাসভবনে ২০ হাজার টাকার চেক হস্তান্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্থ দলীয় নেতাকর্মীর মাঝে অনুদানের চেক বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু।
এ সময় পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান মো. মুজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, যুগ্ম আহবায়ক শিপার আহমদ উপস্থিত ছিলেন প্রমুখ।
পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন জানান, কেন্দ্রের নির্দেশে দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে নেতাকর্মীরা প্রায় ১১ বছর ধরে নানাভাবে নির্যাতিত হয়েছেন। তারা একাধিক রাজনৈতিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির শিকার হয়েছেন। কোন নেতাই তাদের তেমন খোঁজ খবর নেননি। এসময় কেন্দ্রীয় যুবদল নেতা সাজুর এ আর্থিক সহায়তা দলীয় নেতাকর্মীর মধ্যে মাইল ফলক হিসেবে কাজ করবে।