Sylhet Today 24 PRINT

গুলশান হামলার ধাক্কা সিলেটের পর্যটনেও, বুকিং বাতিল করে দিচ্ছেন পর্যটকরা

দেবকল্যাণ ধর বাপন |  ০৬ জুলাই, ২০১৬

সিলেটের বিছনাকান্দি পর্যটন কেন্দ্র

যে কোনো ছুটিতেই সিলেটে পর্যটকদের ঢল নামে। এবার তো ঈদের মৌসুম। তাও টানা নয়দিনের সরকারী ছুটি। তাই সিলেটে পর্যটকদের ব্যাপক সমাগম হবে এমনটিই আশা করছিলেন এই খাতের উদ্যোক্তারা। আশানুরুপ সারাও মিলছিলো। তবে সব উলটপালট করে দেয় ১ জুলাই গুলশানে ভয়াবহ জঙ্গি হামলা।

এই হামলার পর অনেক পর্যটকই আতঙ্কে সিলেট বেড়াতে আসছেন না। বাতিল করে দিচ্ছেন হোটেল-মোটেলে দেয়া অগ্রীম বুকিং। এমনটি জানিয়েছেন সিলেটের হোটেল ব্যবসায়ীরা।

জানা যায়, প্রাকতিক সৌন্দর্য আর বৈচিত্রের কারণে সিলেট সবসময়ই পর্যটকদের কাছে এক আকর্ষনীয় স্থান। বর্ষা মৌসুমে আরো আকর্ষনীয় রূপ নেয় ঝর্ণা, পাহাড়, হাওর আর নদীগুলো। তাই এই মৌসুমেই সিলেটে সর্বাধিক পর্যটক সমাগম ঘটে।

এবার ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় ছুটিতে পর্যটকদের ঢল নামার আশায় ছিলেন পর্যটনখাতের সাতে সংশ্লিস্টরা। পর্যটকদের বরণ করে নেওয়ার জন্য সিলেটের হোটেল ব্যবসায়ীরাও প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। তবে গত শুক্রবার রাতে গুলশান ট্রাজেডির পর পর্যটকদের উপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়লা জানান, প্রতি বছরের ন্যায় এই বছরেও ১৫ রোজার মধ্যে অধিকাংশ  রুম বুকিং হয়ে গেলেও গুলশানের এই ঘটনার পর থেকে পর্যটকরা বুকিং বাতিল করতে শুরু করেছেন। যদি এহারে প্রতিদিন পর্যটকদের হোটেল বুকিং বাতিল অব্যাহত থাকে তাহলে এবার ঈদে সিলেটের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটক শূন্য থাকবে বলে শঙ্কা তাদের।

এ ব্যপারে হোটেল এন্ড গেস্ট হাউজ ওনার্স এসোসিয়েসনের সাধারণ সম্পাদক তাহমিন আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পনেরো রোজার পর থেকে সিলেটের বেশিরভাগ হোটেল মোটেলের অধিকাংশ রুম বুকিং হয়ে গিয়েছিলো, তবে শুক্রবার রাতে গুলশানের সন্ত্রাসী হামলার পর থেকে দেশী পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকরাও একে একে তাদের বুকিং বাতিল করে দিচ্ছেন। এতে করে হতাশ হয়ে পরেছেন সিলেটের হোটেল ব্যবসায়ীরা।

তিনি বলেন, গুলশানের হামলা ছাড়াও সিলেটের নাজুক সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণেও এবার অনেক পর্যটক সিলেট বিমুখ। যোগযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় পর্যটকরা আগের মতো সিলেট আসছেন না।

সিলেট নগরের হোটেল স্টার পেসিফিকের এক কর্মকর্তা জানান, পরিবার পরিজন নিয়ে সিলেটে ঈদ করার উদ্দেশ্যে যারা হোটেল বুকিং দিয়েছিলেন তাদের বেশিরভাগই বুকিং বাতিল করে দিচ্ছেন। তিনি আরো বলেন এভাবে চলতে থাকলে মারাত্মক ব্যবসায়িক ক্ষতির সম্মুখিন হতে হবে তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.