Sylhet Today 24 PRINT

শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে উপশহরে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক  |  ২০ মার্চ, ২০১৫

মিছিলে শ্লোগান দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে সিলেট নগরীর উপশহরে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপশহরের তেররতনে এ সংঘর্ষ বাঁধে।

যুবলীগ নেতা শামীম ইকবাল ও ছাত্রলীগ নেতা দুলাল মিয়া গ্রুপের সৃষ্ট সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও আরেকজন ছুরিকাহত হয়েছেন।

জানা যায়- বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিলেট সফরে আসেন। তার সফরকে স্বাগত জানিয়ে মিছিলে স্লোগান দেয়াকে কেন্দ্র করে উপশহর তেররতন এলাকায় যুবলীগ নেতা শামীম ইকবাল ও ছাত্রলীগ নেতা দুলাল মিয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সংঘর্ষের জের ধরে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যুবলীগ নেতা শামীম ইকবাল গ্রুপের নেতাকর্মীরা তেররতন বাজারে ছাত্রলীগ নেতা দুলাল মিয়ার দোকানে হামলা চালায়। খবর পেয়ে দুলাল গ্রুপের নেতাকর্মীরাও সংঘটিত হয়ে পাল্টা হামলা চালায়। এসময় উভয়পক্ষ কয়েক রাউন্ড গুলি বিনিময় করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

উভয়পক্ষের সংঘর্ষে দুলাল গ্রুপের মান্নান নামক একজন ছুরিকাহত ও জামাল নামক আরেকজন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শাহপরান থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, হামলার ঘটনায় দুইজন আহত হওয়ার খবর শুনেছি। তবে গোলাগুলির বিষয়ে কিছু জানা নেই।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.