সিলেটটুডে ডেস্ক | ২১ মার্চ, ২০১৫
সিলেট সদর উপজেলার শিবেরবাজার থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আতাউর রহমান শাহজাহান (৩৭) নামের ওই ব্যবসায়ী শহরতলীর হাটখোলা ইউনিয়নের হাটখোলা গ্রামের মৃত সালামত উল্লার ছেলে এবং শিবেরবাজারের শুটকি ব্যবসায়ী।
শনিবার দুপুর পৌণে ১২টার দিকে শিবেরবাজার শাহী ঈদগাহের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই কবির আহমদ জানান, শ্বশুর বাড়ির সাথে শাহজাহানের বনিবনা ছিল না। প্রায় ৭ মাস থেকে শাহজাহানের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছেন। শাহজাহান হত্যাকান্ডের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারেন।
কবির আহমদ আরও জানান- শুক্রবার রাতে শাহজাহানের শ্বশুর বাড়ির আত্মীয় কামাল ও নাজির তাকে নিতে আসে। এসময় শাহজাহান এশার নামাজ পড়ে যাওয়ার কথা বলে তাদেরকে বিদায় করেন। এশার নামাজে বের হওয়ার পর শাহজাহান বাড়ি ফিরেননি।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, শাহজাহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।