Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুলাই, ২০১৬

সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরের সাথে সিলেট ওসমানী বিমানবন্দরেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সরকারের নির্দেশে এই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় বলে জানান সংশ্লিস্টরা।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, নিরাপত্তা ইস্যুতে আমরা আজ (মঙ্গলবার) সংশ্লিস্ট সকল ইউনিটের সাথে বৈঠক করেছি। এরপর থেকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিস্ট সবগুলো ইউনিটকে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে বলা হয়েছে।

হাফিজ আহমদ বলেন, গত নভেম্বর থেকে ওসমানী বিমানবন্দরে ডগ স্কোয়াডসহ ৬ বিজিবি সদস্য মোতায়েন করা হয়। ডগ স্কোয়ার্ড এখনো দায়িত্বে আছে।

এছাড়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এবিপিএন) সদস্যরা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এখন এবিপিএনের সদস্য সংখ্যা আরো বাড়ানো হতে পারে। তবে কতজন বাড়ানো হবে তা এখনো নিশ্চিত নয়।

তিনি জানান, বর্তমানে প্রায় ১০০ এবিপিএন সদস্য ওসমানী বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আছেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলামও নিরাপত্তা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, দেশের সব বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এটা রেড অ্যালার্ট নয় বলে মন্ত্রী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.