বড়লেখা প্রতিনিধি | ১২ জুলাই, ২০১৬
লন্ডনস্থ চ্যারিটি ফাউন্ডেশন ‘পিইউসি বড়লেখা ডটকম’ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের বঙ্গবন্ধুপ্রেমী প্রয়াত শেখ আব্দুর রশিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে।
চ্যারিটির প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা আপ্তার আলীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ছেলে পরিচয়দানকারী প্রয়াত আব্দুর রশিদ কলাইর বিধবা স্ত্রী রিমা বেগমের হাতে আর্থিক সহায়তার নগদ ৩৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
সম্প্রতি জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি তাঁর নিজ বাসভবনে আব্দুর রশিদের স্ত্রীর হাতে এ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, সমাজসেবক বদরুল ইসলাম পুতুল, সাংবাদিক মিজানুর রহমান, জালাল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ মার্চ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আব্দুর রশিদ। নিজেকে তিনি পরিচয় দিতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে বলে। তাঁর গায়ে পরা মুজিবকোটেও লেখা থাকতো ‘শেখ মুজিব আমার আব্বা’। জাতীয় বিভিন্ন দিবস ও আওয়ামী লীগের নানান কর্মসূচিতে বঙ্গবন্ধুর ছবি হাতে অগ্রভাগেই থাকতেন শেখ আব্দুর রশিদ।
কোন পদের লোভে নয়, ছিল না তাঁর কোন উচ্চ বিলাস। কেবল বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা বুকে নিয়েই ছুটে বেড়াতেন শহর বড়লেখায়। প্রকৃতির অমোঘ নিয়মে মাত্র ৫২ বছর বয়সেই পৃথিবী ত্যাগ করেন এই বঙ্গবন্ধুর প্রেমী। প্রকৃতির অমোঘ নিয়মে মাত্র ৫২ বছর বয়সেই পৃথিবী ত্যাগ করেন এই বঙ্গবন্ধুরপ্রেমী।