Sylhet Today 24 PRINT

কুলাউড়ার ছকাপন রেল স্টেশনের আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়ার ছকাপন রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও ডেমু ট্রেন স্টপেজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় ছকাপন রেল স্টেশনে সচেতন নাগরিক সমাজ (ছকাপন) আয়োজিত মানবন্ধনে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক সৈয়দ আব্দুল হামিদ মাহফুজ সঞ্চালনায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ভূকশীমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির,ছকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভূকশীমইল ইউপি সদস্য আব্দুল মালিক, কাদিপুর ইউপি সদস্য জসিম আহমদ , ভূকশীমইল ইউপি’র সাবেক সদস্য মাহবুব হাসান জসিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আলী হায়দার সুহেল, আকমল হোসেন আতিক, আবুল মনসুর রাজন, রাহাত সাজু, সাহেদ চৌধুরীসহ স্থানীয় সহ¯্রাধিক এলাকাবাসী।

মানবন্ধনে বক্তারা বলেন, কাদিপুর ও ভূকশীমইল ইউনিয়নের ব্যবসায়ী, শিক্ষার্থী , সাধারণ মানুষের যাতায়াতের জন্য ছকাপন রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনই এই স্টেশন দিয়ে সহস্ত্রাধিক যাত্রী সিলেট, কুলাউড়া শহরসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। দির্ঘদিন ধরে স্টেশনে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।

বক্তারা আরও বলেন, স্টেশনে প্রতিদন তিনটি লোকাল ট্রেন থামে। যা চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল। স্টেশনে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ, নিজস্ব সিগন্যাল ব্যবস্থা ও প্লাটফর্ম না থাকায় বিপাকে পড়তে হয় এলাকার যাত্রীদের। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে স্টেশনে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ, সিগন্যাল ব্যবস্থা, প্লাটফর্ম নির্মাণসহ এর আধুনিকায়ন এবং ডেমু ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানান তারা। এজন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

পরে ছকাপন স্টেশনে ১০ মিনিট সিলেটগামী সুরমা মেইল ট্রেন থামিয়ে প্রতিবাদ করেন মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.