Sylhet Today 24 PRINT

কে হাসবেন শেষ হাসি?

সিসিকের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০১৫


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন আজ। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ওয়ার্ডে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা বেছে নিবেন নিজেদের জন প্রতিনিধি।

উপ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে কে হাসবেন শেষ হাসি এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। আজ বিকেলেই মিলে যাবে এ প্রশ্নের উত্তর।

নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বা্চন কমিশন। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার বিকেলের মধ্যেই প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয় জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি নিরাপত্তা রক্ষায় প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়-৭ নং ওয়ার্ডের ৮টি ভোট কেন্দ্রে মোট ৫৪টি কক্ষে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্র প্রতি একজন করে প্রিজাইডিং অফিসার ও ৫৪ জন সহকারী প্রিজাইডিং ও ১০৮ জন পোলিং পার্সোনাল দায়িত্ব পালন করবেন।

এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার। পুরুষ ভোটার ৯ হাজার ৪৯জন ও  মহিলা ভোটার ৮ হাজার ৬শ’ ৫২জন। ভোটকেন্দ্রগুলো হলো- সুবিদবাজার পিটিআই পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়, আবদুল গফুর আদর্শ ইসলামী বিদ্যালয় ও কলেজ, গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌসুল উলুম জামেয়া ইসলামিয়া ও হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ। শনিবার থেকে এই ভোট কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থীর মধ্যে রয়েছেন- ঘুড়ি মার্কায় আফতাব হোসেন খান, লাটিম মার্কায় সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, রেডিও মার্কায় সৈয়দ বাহারুল ইসলাম রিপন, ঠেলাগাড়ি মার্কায় মুহিবুর রহমান ছাবু এবং রিকেট মার্কায় মো. আব্দুল করিম শামীম।
ঠেলাগাড়ী প্রতিকের প্রার্থি সাবেক কাউন্সিলর নজিবুর রহমান নীরু’র ছোট ভাই ও ৪নং টুলটিকর ইউনিয়ন’র সাবেক মেম্বার, মুহিবুর রহমান ছাবু বলেন, আমার বড় ভাই কিছুদিন পূর্বে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বড় ভাইকে শেষবারের মতো দেখতে ও শেষ বিদায় জানাতে আমি এসেছিলাম দেশে। ভাই’র অনুপস্থিতিতে ওয়ার্ডটি অভিভাবকহীন হয়ে পড়ায় এলাকার গণ্যমান্য মুরব্বীদের পরামর্শে এবং বড় ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্তিকরণ সহ এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতেই আমার প্রার্থী হওয়া।
লাঠিম প্রতিকের প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ বলেন, আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে অপরাধ আর সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়তে আপ্রাণ চেষ্টা করবো।
ঘুড়ি প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী আফতাব হোসেন খানও নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সৈয়দ বাহারুল ইসলাম রিপন রেডিও মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে প্রথমে আমি সুপরিকল্পিতভাবে এ অসুবিধা দুরিকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

আবদুল করিম শামীম ব্যাডমিন্টন প্রতিক নিয়ে লড়াই করছেন। তিনি বলেন, পানি নিষ্কাষনের সমস্যা দুরিকরণ ছাড়াও ওয়ার্ডের গরীব-মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ যোগাতে বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবো। তরুণ আর যুব সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে সুস্থ বিনোদন ছাড়াও খেলাধুলার ব্যবস্থা গ্রহণ করা। সর্বোপরি কল্যণকর সব কাজ করাই আমার উদ্দেশ্য।

সুবিদবাজার, বনকলাপাড়া, পীরমহল্লা এলাকা ঘুরে ভোটারদের সাথে আলোচনা করে জানা যায়, এলাকার উন্নয়নে, নিজেদের  সুখে-দুঃখে যাকে কাছে পাওয়া যাবে এমন প্রার্থীকেই আজ নির্বাচিত করবেন তারা।

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান- ২০১৩ সালের ২৭ মে ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন নজিবুর রহমান নিরু। গত বছরের ১৬ ডিসেম্বর তিনি মারা যান। এর দু’দিন পর (১৮ ডিসেম্বর) স্থানীয় সরকার আইন সিটি করপোরেশন ২০০৯ এর ১৫/ঙ ধারা অনুযায়ী পাশ্ববর্তী ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে এ ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকতা এসএম এজহারুল হক বলেন- সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশের ৫টি মোবাইল টিম, ২টি স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের ২টি মোবাইল টিম টহলে থাকবে। এছাড়া শনিবার  রাত ১২টা থেকে পরদিন রোববার (২২মার্চ) রাত ১২টা পর্যন্ত সিসিকের ৭ নং ওয়ার্ড এলাকায় সব ধরণের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.