Sylhet Today 24 PRINT

শিক্ষার আলো ছাড়া অন্ধকার থেকে বেরিয়ে আসা সম্ভব নয়

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

সিলেট বিভাগের ২২টি উপজেলায় সেরা সংগঠক হিসেবে নির্বাচিত ৫৯জন লাইব্রেরিয়ানকে সম্মাননা পুরস্কার শুক্রবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর আওতায় এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ বলেন, শিক্ষার আলো মানুষের মধ্যে না থাকলে মানুষ মমতাহীন হয়ে যায়। যার কারণে বিভিন্ন ধরণের কুসংস্কার কাজে লিপ্ত হয়ে পড়ে তারা। শিক্ষার আলো ছাড়া এ অন্ধকার থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) যে উদ্যোগ নিয়ে সমাজে উন্নয়নমূলক কাজে অগ্রসর হচ্ছে তা প্রশংসার দাবীদার। তা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

অতিরিক্ত সচিব ও সেকায়েপ এর প্রকল্প পরিচালক ড. মোঃ মাহমুদ-উল-হক এর সভাপতিত্বে ও পাঠাভ্যাস কর্মসূচী প্রোগ্রাম কো-অর্ডিনেট মোঃ নাজমূল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর কো টিম লিডার শরিফ মোঃ মাসুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আহাদ, উপ-প্রকল্প পরিচালক রিয়াজ আহমদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গির আলম প্রমূখ।   

উল্লেখ্য, বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক বাস্তবায়নাধিন শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)- এর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি দেশের ৬৪ জেলার ২৫০ উপজেলার প্রায় ১২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়িত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাইব্রেরী কার্যক্রম সচল ও  নিয়মিত রাখার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র কাজ করছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের তত্বাবধানে এ কর্মসূচীর আওতায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ানোর কাজে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানের একজন শিক্ষক অথবা লাইব্রেরীয়ান। প্রত্যেক বছর লাইব্রেরীয়ানদের কার্যক্রমে গতিশীলতা ও উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প থেকে প্রতিটি উপজেলার ১০% শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীয়ান সংগঠকদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়। ২০১৫ সালে সারা দেশে পুরস্কারের জন্য ৯৬৯ জন লাইব্রেরীয়ান সেরা সংগঠক মনোনীত হয়েছেন। নির্বাচিত সংগঠকদের সম্মাননা হিসাবে ৪ হাজার টাকার একটি ব্যাংক ড্রাফট, বই ও একটি সনদপত্র দেওয়া হবে। প্রতিটি বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে সংগঠকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.