ওসমানীনগর প্রতিনিধি | ১৫ জুলাই, ২০১৬
সিলেটের ওসমানীনগরে ইউপি নির্বাচনে পরাজিত উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কবির উদ্দিনের স্বজনরা অতর্কিত হামলা চালিয়ে ৪জনকে আহত করেছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে সাদীপুর ইউপির ইব্রাহিমপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছে, তাজপুর ডিগ্রী কলেজের অফিস সহকারি স্থানীয় ইব্রাহিমপুর গ্রামের রহমত উল্যার ছেলে মোঃ আবদুল মালিক (গুলিবিদ্ধ), মোঃ আবদুল খালিক ও শাহেন মিয়া। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের জেরে শুক্রবার বিকেলে পরাজিত আ’লীগ নেতা কবির উদ্দিনের ছেলে সুমন, মোহন ও ভাগিনা বাদলের নেতৃত্বে একদল যুবক অস্ত্রসস্ত্র নিয়ে রহমত উল্যার তিন ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের গুলিতে আবদুল মালিক এবং ধারালো অস্ত্রের আঘাতে আবদুল খালিক ও শাহেন মিয়া গুরুতর আহত হয়।
রহমত উল্যা বলেন, পরাজিত চেয়ারম্যান কবির উদ্দিনের চাচাতো ভাই মুছলে আহমদের হুকুমে কবির উদ্দিনের ছেলে ও ভাগিনাদের নেতৃত্বে আমার ছেলেদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গত বুধবার রাতে সাদিপুর ইউপির নব নির্বাচিত ইউপি সদস্য ও যুবলীগ নেতা স্বপন আহমদকে স্থানীয় চাতলপাড় বাজারে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিকৎসাধীন রয়েছে। আহত স্বপনের দাবি কবির উদ্দিনের লোকজন তার ওপর হামলা চালিয়েছে। সে জানায়, বিভিন্ন অন্যায় কাজে প্রতিবাদ করায় দীর্ঘদিন থেকে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ বলেন, এরা (আহতরা) শিবির করে। ফোনে গালাগালিসহ প্রতিনিয়ত ফেসবুকে অশালিন মন্তব্য করে আসছিল তারা। এর কারণে আজ মারামারি হয়েছে।