Sylhet Today 24 PRINT

জল্লারপাড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রলীগের পিযুষ গ্রুপের তান্ডব (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০১৫

নগরীর জল্লারপাড় এলাকায় তান্ডব চালিয়েছে ছাত্রলীগের পিযুষ গ্রুপ। রেবাবার রাত ৮ টায় পিযুষ কান্তি দেব'র অনুসারীরা প্রকাশ্যে আগ্নয়াস্ত্র উচিয়ে মিছিল করে। এসময় একটি মার্কেটে ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ক্যাডাররা।

আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা অনুসারী ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের সাথে আধিপত্য নিয়ে লড়াই থেকে পিযুষ গ্রুপ এই তান্ডব চালায় বলে জানা গেছে।

রাত ৮ টায় পিযুষ গ্রুপের ছাত্রলীগ কাডাররা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে জল্লারপাড় এলাকায় মিছিল দেয়। তারা জল্লারপাড়ে নির্মানাধীন রুপায়ন টাওয়া ভাংচুর করে ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

তান্ডবকালে ৪/৫ টি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ ক্যাডাররা। প্রায় আধঘন্টা জিন্দাবাজার-লামাবাজার সড়কে তান্ডব চালালেও পুলিশের দেখা মিলে নি। এসময় এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আশপাশের ব্যবসায়ী ও পথচারীদর মধ্যে দেখা দেয় আতঙ্ক।

প্রায় আধঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসলে ছাত্রলীগ ক্যাডাররা পালিয়ে যায়। এরপর দমকল বাহিনীর একটি দল এসে মোটরসাইকেলের আগুণ নিয়ন্ত্রণে আনে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, পিযুষ কান্তি দেব পূর্বে বিধান কুমার সাহা'র নিয়ন্ত্রনাধীন ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের নেতা ছিলেন। বেশ আগে বিধান গ্রুপ থেকে আলাদা হয়ে নিজস্ব গ্রুপ করেন পিযুষ। এরপর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ দেখা দেয়।

রোববার সন্ধ্যায় এই দুই নেতার অনুসারী উত্তম ও পারভেজ গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে সংঘাত বাঁধে বলে ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে।

এ ব্যপারে বিধান কুমার সাহা ও পিযুষ কান্তি দেব'র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কেউই ফোন রিসিভ করেন নি।

কতোয়ালি থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.