নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই, ২০১৬
জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে। আটক ওই শিক্ষার্থীর নাম মাহমুদুল করিম (২৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের ছাত্র এবং নগরীর জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরি মঙ্গলবার মুঠোফোনে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "আমি শুনেছি মাহমুদুল করিমকে আটক করেছে পুলিশ। তবে কেন আটক করা হয়েছে এ সম্পর্কে আমি নিশ্চিত নই।"
লিডিং ইউনিভার্সিটির প্রক্টর রাশেদুল ইসলাম জানান, "জঙ্গি সংশ্লিষ্টতায় সন্দেহভাজন হিসেবে মাহমুদুল করিমের বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।" মাহমুদুলের অভিভাবকদের কাছ থেকে এমন তথ্য পেয়েছেন বলে তিনি জানান।
ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগে মাহমুদুলকে আটক করে গতকাল রাতেই ঢাকায় নিয়ে গেছে বলে পরিবারসূত্রে জানা গেছে।