নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই, ২০১৬
দেশব্যাপী চলমান জঙ্গি তৎপরতার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সমন্বয় পরিষদ 'চতুষ্টয়'।
দিনভর বৃষ্টি উপেক্ষা করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধনে যোগ দেন নর্থইস্ট ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা'র সাধারন সম্পাদক আব্দুল করিম কিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইইউ শহিদুল ইসলাম শাহীন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক রুমেল হাসান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণব কান্তি দে সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরী করতে হবে।
তারা আরো বলেন, জঙ্গিবাদের চেয়ে বড় হুমকি আর কিছুই হতে পারেনা। জঙ্গিবাদ প্রতিরোধের জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস ও যথাযথ ধর্মীয় শিক্ষা।
এছাড়াও বক্তারা পাঠ্যসূচিতে জঙ্গিবাদ বিরোধী পাঠক্রম অন্তর্ভুক্তির জোর দাবি জানান।
সিলেট ডিবেট ফেডারেশন, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংগঠন, লিটল থিয়েটার সিলেট, নবশিখা নাট্যদল, প্রতিবেশী থিয়েটার, লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, লিডিং ইউনিভার্সিটি রোটারেক্ট ক্লাব, নর্থইস্ট ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাব, স্বরবর্ণ ইত্যাদি সংগঠনের কর্মীরা মানববন্ধনে যোগদান করেন ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
মানববন্ধন পরিচালনা করেন 'চতুষ্টয়' এর প্রতিষ্ঠাতা সমন্বয়কারী শাহ শরীফ উদ্দিন। সংগঠনের সমন্বয়কারী রানা মজুমদার বাপ্পীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মানববন্ধন শুরু হয় এবং উপদেষ্টা ইইউ শাহীনের সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষিত হয়।