সিলেটটুডে ডেস্ক | ২০ জুলাই, ২০১৬
ছাতকের খুরমায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সংখ্যালঘু পরিরারের নারীসহ ৫ সদস্য আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বসতঘর এবং লুটপাটের অভিযোগও উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।
বুধবার সকালে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের খুরমা গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত দু’জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিএনজি চালিয়ে যাওয়ার সময় রাস্তার কাদাযুক্ত পানি শরীরে পড়ায় সিএনজি চালক মিলন মিয়াকে মারধোর করে খুরমা গ্রামের আব্দুস সোবহানের পুত্র সাদ মিয়া ও মিজানুর রহমান। এসময় একই গ্রামের প্রনব চৌধুরী কটুর পুত্র পার্থ চৌধুরী তাদের বাধা দেন।
এ ঘটনার জের ধরে বুধবার সকালে আব্দুস সোবহানের নেতৃত্বে তার পুত্র সাদ মিয়া, মিজানুর রহমান, আকলু মিয়া, আজাদ মিয়া, আত্মীয় ফজর আলী, জুলহাসসহ লোকজন সংঘবদ্ধ হয়ে প্রনব চৌধুরী কটু ও পাশ্ববর্তী রনজিত চৌধুরী কংকুর বসতঘবে হামলা চালায়। হামলাকারীরা নারী-পুরুষ নির্বিচারে পাইপগানের বাট ও লাঠি দিয়ে পিঠিয়ে আহত করে এবং বসতঘর ও ঘরের মালামাল ভাংচুর করে। এসময় তারা ঘরে থাকা নগদ টাকাসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে পরিবারের লোকজন জানান।
হামলায় গুরুতর আহত প্রনব চৌধুরী টুকু(৪৮) ও তার স্ত্রী জয়া চৌধুরী(৪৪)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিবা চৌধুরী(৩০), রনজিত চৌধুরী(৪৮)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুল আলীম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
ছাতক থানার এস আই শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।