Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ প্রতিরোধ ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৬

জঙ্গিবাদ প্রতিরোধ ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শহরের চৌমোহনা চত্বরে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু। সংগঠনের সাধারণ সম্পাদক অরিজিৎ দেবরায় সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রনি পাল, অর্থ-সম্পাদক সুবিনয় রায়, সাংস্কৃতিক সম্পাদক মনশ্রী জুঁই, সদস্য কনক দেবনাথ ও হেলাল আহমদ।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সদস্য রমাপদ ভট্টাচার্য যাদু, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মীর ইউছুফ আলী এবং লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক জাবেদ ভুঁইয়া।

বক্তারা বলেন, জঙ্গিবাদের বিস্তৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রগতির বাংলাদেশের জন্য বৃহত্তর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিষবৃক্ষের মূলোৎপাটনে স্বাধীনতার পক্ষের দলমত নির্বিশেষে সবস্তরের জনগনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এছাড়া, একরকম গোপনে  রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতের সাথে চুক্তি করে সুন্দরবনকে ধ্বংসের আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে চুক্তি বাতিল ও সুন্দরবনের জন্য হুমকি সৃষ্টিকারী সকল পদক্ষেপ বন্ধের দাবী জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.