Sylhet Today 24 PRINT

সিলেটে হাউজিংয়ের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৬

সিলেট শহরতলীর বিমানবন্দর এলাকার আহমদ হাউজিং এসেসিয়েশনের সভাপতি হেলেন আহমদ তার কোম্পানীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

তিনি দাবি করেন, কোম্পানীর কাছে জায়গা বিক্রি করার দীর্ঘদিন পর একটি চক্র তা অস্বীকার করছে। বৃহস্পতিবার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

আহমদ ভিলা মজুমদারী বিমানবন্দর রোডের বাসিন্দা হেলেন জানান, ১৯ জুলাই বড়শলা নিবাসী জহুরা জিয়া সংবাদ সম্মেলন করে কোম্পানীর আইন উপদেষ্টা অ্যডভোকেট মিছবাউল ইসলামকে যুক্ত করে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলেন। সম্পত্তি দখল, দেয়াল ভাংচুরসহ নানা অভিযোগের কোনো সত্যতা নেই।

তিনি জানান, আহমদ হাউজিংয়ের প্রতিষ্ঠাতা তার শ্বশুর মরহুম ফরিদ উদ্দিন আহমদ বড়শলা মৌজার ৩০১২ দাগের সাকুল্য ভূমি জহুরা জিয়ার স্বামী জিয়া উদ্দিনের কাছ থেকে ক্রয় করেন। সিলেট সদর সাব রেজিষ্ট্রি অফিসের ১৯৭৫ সালে সম্পাদিত দলিল নং ৭৫৭৫। দীর্ঘ প্রায় ৪০ বছর পর ভূমি খেকোদের গডফাদার জহুরার আত্মীয় শাদৎ রহিমের প্ররোচণায় জিয়া উদ্দিনের উত্তরাধীকারীরা ৩০১২ দাগে তাদের বাড়ির পূর্ব ও উত্তর সীমানার পার্শের ৩০১২ দাগের ভূমি মৃত জিয়া উদ্দিনের বিক্রি অস্বীকার করে দখলের পাঁয়তারা করছেন। ১০ জুলাই ভোরে আহমদ হাউজিং-এর অর্ন্তভূক্ত এইচএম এগ্রো ফার্মের প্রায় ৮৫০ ফুট লম্বা সদ্য নির্মিত পাকা সীমানা প্রাচীর জহুরা জিয়া স্থানীয় সন্ত্রাসীদেরকে ভাড়া করে ভাংচুর করান।

লিখিত বক্তব্যে হেলেন জানান, তার শ্বশুর ফরিদ উদ্দীন আহমদ সিলেট সদর উপজেলার বড়শলা মৌজায় বিমান বন্দরের দক্ষিণ সীমানা ঘেসা সাবেক সেটেলমেন্ট জরিপি ২০২৫/২০১৮, ৩০১২, ৩০১৪, ৩০১৬, ৩০১৭, ৩০১৮, ৩০১৯, ৩০২২, ৩০২৩, ৩০২৪, ৩০২৫, ৩০২৭, ৩০২৮, ৩০২৯, ৩০৫০ দাগসহ অপরাপর দাগের ভূমি জহুরা জিয়ার স্বামী জিয়া উদ্দিন ও তার অপকর্মের সহযোগি শাদৎ রহিম নিকট হতে পর্যায়ক্রমে খরিদ করেন। পরে আহমদ হাউজিং আবাসিক এলাকা নামে প্রায় ৫০০ শত প্লট করে বিক্রি করে আসা হচ্ছে।

বিএনপি সরকারের সময় বিভিন্ন ব্যাক্তি আহমদ হউজিং এর ৩০৫১ নং দাগের ভূমি জবর দখল করার অপচেষ্টায় লিপ্ত হয়। এনিয়ে মামলা মোকাদ্দমা হয়। ৩১ জানুয়ারি  আহমদ হাউজিং এর কেয়ারটেকার পানি নিষ্কাশনের পাকা ড্রেনের কাজ ও এগ্রো ফার্মের পশ্চিম সীমানা প্রাচীরের নির্মাণ কাজ তদারকি করা অবস্থায় জহুরা জিয়ার অপকর্মের সহযোগি শাহাদৎ রহিম  ও তাহার সহযোগিরা অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে পাকার কাজ বন্ধ করার জন্য প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানার জি আর ২১/২০১৬ হিসেবে একটি মামলা রেকর্ডভূক্ত হয়। এ ছাড়া তারা বিভিন্ন সময়ে নানা ঘটনার জন্ম দেয়। সংবাদ সম্মেলনে হেলেন আহমদ জহুরা জিয়া ও তাহার সহযোগিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.