নিজস্ব প্রতিবেদক | ২১ জুলাই, ২০১৬
সংবিধান সংশোধন নিয়ে দ্বন্দ্ব থেকে অভিমানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এডভোকেট এ.কে.এম. সমিউল আলম দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শনিবার। তবে আইনজীবী নেতাদের মধ্যস্থতায় এই দ্বন্দ্বের সুরাহা হয়েছে বলে জানা গেছে। নিজের সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন সামিউল। বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির সভায় সভাপতিত্বও করেন তিনি।
বৃহস্পতিবার সমিতির বেনিভোলেন্ট ফান্ড (বিশেষ সহায়তা তহবিল) সংক্রান্ত বিধিমালা সংশোধনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক জুবায়ের বখত জুবেরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, সাবেক জিপি আবদুল মান্নান চৌধুরী, মো. লালা ও মো. আবদল ওয়াদুদ প্রমুখ।
প্রসঙ্গত, সংবিধান সংশোধন নিয়ে দ্বন্দ্ব থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আহমদ চৌধুরী আবদালের করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ১৬ জুলাই অভিমানে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন সমিতির সভাপতি এ.কে.এম. শমিউল আলম। এ ঘটনায় জরুরি সভা ডেকে কারণ দর্শাতে বলা হয়েছিলো অ্যাডভোকেট আবদালকে।
বৃহস্পতিবারের সভার শেষলগ্নে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিয়ে ক্ষমা চেয়েছেন অ্যাডভোকেট আবদাল।
অ্যাডভোকেট লালা সভায় এ তথ্য জানিয়ে বলেন, ক্ষমা চাওয়ায় শোকজের (কারণ দর্শানো) দায় থেকেও মুক্ত করা হয়েছে অ্যাডভোকেট আবদালকে।