Sylhet Today 24 PRINT

ছবি তোলায় সাংবাদিকদের উপর কারারক্ষীদের হামলা

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০১৬

সিলেটে সাংবাদিকদের মারধর করেছে সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীরা। তাদের মারধরে আহত হয়েছেন তিন ফটো সাংবাদিক। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুই ফটো সাংবাদিকের মোটর সাইকেল ভাংচুর করেছে কাররক্ষীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন, প্রথম আলো'র ফটো সাংবাদিক আনিস মাহমুদ, সকালের খবরের ফটো সাংবাদিক শহিদুল ইসলাম ও যুগভেরীর ফটো সাংবাদিক মামুন হোসেন। আহত তিনজনকেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী ও উত্তরপূর্বের ফটো সাংবাদিক নুরুল ইসলামের মোটর সাইকেল ভাংচুর করে কারারক্ষীরা।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিস মাহমুদ ঘটনার বর্ণণা দিয়ে বলেন, জেল গেটে ছাত্রলীগের সাথে কারারক্ষীদের সংঘর্ষ হচ্ছে শুনে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি অর্ধশতাধিক কাররাক্ষী মিলে জেল গেটের সামনের রাস্তায় বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করছে। এসময় আমরা ছবি তুলতে গেলে তারা আমাদের উপর হামলা করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে সিলেটের ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এতে কারারক্ষীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর মুক্তিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে কারাফটকে ছাত্রলীগ ও কারারক্ষীদের সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়। এসময় অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.