Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পরাজিত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ ইউপি সদস্যের

ওসমানীনগর প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৬

শনিবার(২৩ জুলাই) দুপুরে গোয়ালাবাজারস্থ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন সাদিপুর ইউপির ২নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার(সদস্য) ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা স্বপন মিয়া।

সদ্য ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান কবির উদ্দিন ও তার বাহিনীর দ্বারা নির্যাতিত হয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিলেটের ওসমানীনগর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাদিপুর ইউপির সদ্য পরাজিত চেয়ারম্যান কবির বাহিনীর নিকট সাদিপুর ইউপির সাধারণ মানুষ জিম্মি। কবির বাহিনীর অত্যাচারে সাদিপুর ইউপির জনসাধারণ ভয়ে আতংকে দিশেহারা রয়েছে। ইউপি নির্বাচনে তিনি হেরে মানুষের উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন। তার বাহিনীর সদস্যদের দিয়ে মানুষের উপর অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও হামলা চালিয়ে যাচ্ছে। তার ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আমি কোন দিন যদি জখম বা খুন হই তাহলে এই কবির উদ্দিন ও তার বাহিনীই আমাকে খুন করবে এটা সাংবাদিকদের আগাম জানিয়ে রাখলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বপন মিয়া আরো বলেন, আমার উপর কবির উদ্দিনের নির্দেশে সন্ত্রাসী সুমন, জুবেল, সায়েদ, জিলু, ফয়েজ, বাদল, মোহন, রকি, সাজু, আখি মিয়া, আজির, রাসেল, সাইদুল চাতল পাড় বাজারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি থানায় মামলা করেও পড়েছি বিপাকে। মামলায় আদালত থেকে জামিন নিয়ে এলাকায় প্রকাশ্যে এসে আমাকে আবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাদের ভয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি না। তিনি আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করছেন। বর্তমানে কবির উদ্দিন আমাকে হয়রানী করার জন্য মামলা-হামলার হুমকি অব্যাহত রেখেছেন। সম্প্রতি কবির উদ্দিন বাহিনীর হামলায় ইবরাহীমপুর গ্রামের মালেক আহমদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হাসপাতালে মালিকের একটি পা কেটে ফেলা হয়েছে। উপরোক্ত বিষয়ে আমি প্রশাসন, সাংবাদিক ও এলাকাবাসীর কাছে সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য আব্দুল মমিন, রাজু আহমদ, আলী হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.