Sylhet Today 24 PRINT

বিপন্ন প্রাণির তালিকায় থাকা গন্ধগোকুল উদ্ধার প্রাধিকারের

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৬

সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এলাকা থেকে একটি অসুস্থ গন্ধগোকুল উদ্ধার করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাধিকার।

আর্কিটেক্ট রিপন বিশ্বাসের বাসার পাশে থেকে উদ্ধার করা হয় গন্ধগোকুলটি। “রাতে আমার বাসায় চলে আসে প্রাণীটি। সবাই ভয় পেয়ে যায়। অনেকে মারতে উদ্ধত হলে তাদের আমি নিবৃত করি। তাড়িয়ে দিতে গেলেও সামান্য যায়, আবার ফিরে আসে। লক্ষ্য করি এটি অসুস্থ”- বলছিলেন রিপন বিশ্বাস।


দুপুরে খবর পেয়ে ছুটে যান প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ উজ্জ্বল, কোষাধ্যক্ষ সাহরুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ।

“গন্ধগোকুল, যার স্থানীয় নাম খাটাশ (ইংরেজি: Asian palm civet; বৈজ্ঞানিক নাম: Paradoxurus hermaphroditus) ‘সাধারণ বা এশীয় তাল খাটাশ’, ‘ভোন্দর’, ‘নোঙর’,‘সাইরেল’ বা ‘গাছ খাটাশ’ নামে পরিচিত। বন্যপ্রাণী নিয়ন্ত্রণ করার উপকরণাদি স্বল্পতা সত্ত্বেও আমরা প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করি। পিছনের পায়ে আঘাত পেয়েছে।”- বলছিলেন প্রাধিকারের সভাপতি মনজুর।
 
টিম প্রাধিকার প্রাণীটির চিকিৎসার জন্য নিয়ে যান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে।ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষক ডাঃ সুলতান আহমদ টিপু, মেডিসিন ডিপার্টমেন্টের শিক্ষক ডাঃ মাহফুজুর রহমান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ রাজিব দাসের তত্ত্বাবধায়নে চিকিৎসার পর প্রাধিকার কর্মীদের তত্ত্বাবধায়নে আছে।

“দিনে দিনে যেভাবে আবাসিক সংকট হচ্ছে, প্রাণীগুলো মানুষের আবাসস্থলে আসতে বাধ্য হচ্ছে। সুস্থ হওয়ার পর কাল বা পরশু আমরা বন অফিসের সাহায্যে প্রাণীটিকে অবমুক্ত করব।”—বলছিলেন প্রাধিকারের সাধারণ সম্পাদক উজ্জ্বল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.