Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাত্তিরখাল গ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তি আব্দুল করিম (৪৫) মারা গেছেন।

বুধবার (২৭ জুলাই) সকাল সোয়া ৭টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল করিম উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বাত্তিরখাল গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিমের ছেলে রিপন (২৬) গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাস্তার কাজ নিয়ে একই গ্রামের মন মিয়ার ছেলে অলিউর রহমানদের সাথে গ্রামবাসীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। এতে চার জন আহত হন। আহতরা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় দু’জনকে আটক করা হলেও এখনো হতাহতের ঘটনায় কোনো মামলা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.